উচ্চ আয়ের বিত্তশালীদের আয়কর বাড়ানোর পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বছরে কোটি টাকার ওপর আয় করা ব্যক্তিদের বিদ্যমান সর্বোচ্চ করহার ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার প্রস্তাব বিবেচনায় রয়েছে।
মঙ্গলবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর নেতাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এ তথ্য জানিয়েছেন এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজধানী ঢাকার আগারগাঁও-এ এনবিআর কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
এনবিআর চেয়ারম্যান জানান, এ প্রস্তাব বাস্তবায়ন হলে ২০২৭–২৮ অর্থবছর থেকে কার্যকর হতে পারে।
তিনি বলেন, দেশে আয়-বৈষম্য ও দারিদ্র্য বেড়েছে। এই বৈষম্য কমাতে আয়কর আদায় বাড়ানোই সবচেয়ে কার্যকর উপায়। সে লক্ষ্যেই উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য করহার বাড়ানোর চিন্তা করা হচ্ছে।
এনবিআর চেয়ারম্যান জানান, বিশ্বের অনেক দেশে ব্যক্তির সর্বোচ্চ মার্জিনাল আয়কর হার ৪৫ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত। বাংলাদেশেও আশির দশকে এটি ৬০ শতাংশ পর্যন্ত ছিল। পরে ধীরে ধীরে তা কমিয়ে বর্তমান পর্যায়ে আনা হয়েছে।
প্রস্তাবিত নতুন করহার সবার জন্য প্রযোজ্য হবে না জানিয়ে তিনি বলেন, বছরে কোটি টাকার বেশি আয় করা উচ্চ আয়ের ব্যক্তিরাই এর আওতায় পড়বেন।
আলোচনায় তামাকজাত পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনার কথাও জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে তামাকপণ্যের দাম কম। জনস্বাস্থ্য ও রাজস্ব—দুই দিক বিবেচনায় এ খাত থেকে আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
আলোচনা সভায় ইআরএফ সভাপতি দৌলত আফতার মালা ও সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।


