বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে শিক্ষকদের যোগ্য করে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
শনিবার রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পড়ালেখাকে ‘ফান’ হিসেবে আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘পড়ালেখা সহজ করতে হবে, যাতে বাচ্চারা আগ্রহী হয়। শিক্ষাব্যবস্থাকে নতুন করে সাজাতে চাই। শুধু একাডেমিক পড়াশোনা নয়, খেলাধুলাকেও শিক্ষার সঙ্গে যুক্ত করব। খেলাধুলাতেও পাশ করতে হবে। আর্ট অ্যান্ড কালচার অন্তর্ভুক্ত করা হবে। তাহলে ইন্টারনেট ব্রাউজিংয়ের প্রতি অতিরিক্ত ঝোঁক কমানো যাবে। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে আলাদা টিম করে কাজ করা হবে।’
‘মব’ নিয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, শুধু অবকাঠামো নির্মাণ নয়, শিক্ষকদের যোগ্য করে গড়ে তুলতে হবে। শিশুদের সঠিক শিক্ষা দিতে হবে। ছোটবেলা থেকেই সামাজিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। শিশুদের নিয়ে বিএনপির আলাদা পরিকল্পনা আছে।
তিনি বলেন, ‘সরকারের অনেক প্রকল্প চালু আছে, কিন্তু সেগুলো সংগঠিত নয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এসব সুবিধা আমরা এক জায়গায় আনতে চাই।’
তারেক রহমান বলেন, ‘জনসংখ্যা বাড়ছে, প্রোডাকশন বাড়াতে হবে। প্রস্তুতকারক ও ক্রেতার মাঝে বিভিন্ন পক্ষ কাজ করেন, এটি স্বাভাবিক। কিন্তু কেউ যদি অনৈতিকভাবে লাভ করতে চায়, তা ঠেকাতে হবে।’
এ ছাড়া যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় অনেক সময় দ্রব্যমূল্য বেড়ে যায় বলেও মন্তব্য করেন তিনি। কৃষককে প্রণোদনা দেওয়ার পাশাপাশি এসব বিষয় খেয়াল রাখার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘যে পরিকল্পনাই করা হোক না কেন, সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দুর্নীতি রোধ করতে হবে। এগুলো ঠিক করা গেলে অন্য সমস্যাগুলোও ঠিক হয়ে যাবে।’
নগরের ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, রোড ডিজাইনিং, পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম এবং কর্মসংস্থান-সবকিছু ঢাকাকেন্দ্রিক হয়ে ওঠায় ট্রাফিক জ্যাম বাড়ছে। ঢাকার বাইরে স্যাটেলাইট টাউন গড়ে তোলা হবে, যেখানে শিক্ষা ও স্বাস্থ্যের সুবিধা থাকবে। এ বিষয়ে পরিকল্পনা চলছে।
তিনি বলেন, ‘ফ্লাইওভার হয়েছে, মেট্রোরেলও দেখছি। মেট্রোরেল ব্যয়বহুল এবং জায়গা বেশি নেয়। এক্ষেত্রে মনোরেল সুবিধাজনক। ছোট ছোট বগি থাকবে এবং মেট্রোর সঙ্গে ঢাকার বিভিন্ন জায়গায় এটি সংযুক্ত করা যাবে।’
প্রবাসীদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, অদক্ষ অবস্থায় তরুণরা বিদেশে যাচ্ছেন। তাদের দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রবাসীরা যদি সঠিক চ্যানেলে রেমিট্যান্স পাঠান, তাহলে তাদের জন্য প্রণোদনা রাখা উচিত বলেও তিনি মনে করেন।


