বিদেশি নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা ১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট খারিজ হয়েছে।
মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। ফলে এম এ কাইয়ুমের নির্বাচনে বাধা নেই।
এর আগে সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এ রিট আবেদন করেন। রিটে ঢাকা ১১ আসনে বিএনপির প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়।
নাহিদ ইসলামের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম মূসা ও আলী আজগর শরীফী। বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করীম ও রুহুল কুদ্দুস কাজল।
এর আগে ঢাকা ১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।


