ঈদুল ফিতর উপলক্ষে গত ১০ দিনে সড়ক দুর্ঘটনায় প্রায় দুইশ মানুষের প্রাণহানি হলেও অন্যবারের চেয়ে এবারের ঈদের যাত্রা স্বস্তির হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার সচিবালয়ে ঈদ পরবর্তী অবস্থা পর্যবেক্ষণে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই দাবি করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘আমাদের হিসাবে গত ১০ দিনে মারা গেছে ১৭০ জন’। বিপুল এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেন শেখ রবিউল আলম।
ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে আরও নতুন নতুন উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
আগামী ঈদুল আজহার আগেই গাড়িতে জিপিএস চালু করার উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘জিপিএস চালু করে আনফিট যানবাহন এবং গতি পর্যবেক্ষণ করা যাবে। এসব তথ্যের ওপর ভিত্তি করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সাম্প্রতিক সময়ে ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় কারও গাফেলতি আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘কোনো বাস ফেরিতে ওঠার আগে অবশ্যই যাত্রীদের নামানোর পরে বাস ফেরিতে ওঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ঈদের সময় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ বিষয়ে শেখ রবিউল বলেন, ‘যেসব জায়গায় বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে, সেসব জায়গায় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কিছু মানুষ বাস স্ট্যান্ড ছাড়াও মহাসড়কে মাঝ পথে থেকে বাসে ওঠার কারণে সেসব জায়গায় কিছু করা যায়নি।’


