পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের মোট ১৮৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫৮টিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তার দপ্তর। এছাড়া আরও একটি কেন্দ্র পোস্টাল ব্যালট গণনার জন্য রাখা হয়েছে।
এসব কেন্দ্রসহ সব কেন্দ্রের জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী।
বুধবার সকালে সেনাবাহিনীর বান্দরবান সদর জোনে আয়োজিত ব্রিফিংয়ে একথা জানান জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. হুমায়ুন রশিদ।
তিনি জানান, বান্দরবান জেলা সদর ও পাশের রোয়াংছড়ি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী, বিজিবি এবং র্যাবের ৬০০ সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জোন কমান্ডার বলেন, যোথ বাহিনীর এই দলে ৪৫০জন সেনা সদস্য, ১০০ জন বিজিবি জওয়ান এবং র্যাবের ৫০ জন সদস্য থাকবেন।
এছাড়া বিজিবির বান্দরবান সেক্টর সদর দপ্তরেও বিজিবির নির্বাচনী প্রস্তুতির বিষয়ে সাংবাদিকদের জানানো হয়।
বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়েত আমিন জানান, বান্দরবান জেলা সদরে ২২টি অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে ২১ প্লাটুন বিজিবি নিরাপত্তার দায়িত্ব পালন করবে।


