বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগদানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই নিয়োগদানের কথা জানিয়ে বলা হয়, শিগগিরই তিনি হাইকমিশনারের দায়িত্ব নেবেন।
ঢাকায় বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিসিক্ত হবেন দীনেশ ত্রিবেদী। অন্যদিকে প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে বদলি করা হচ্ছে।
দীনেশ ত্রিবেদী হবেন বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিযুক্ত ভারতের প্রথম কোনো রাজনীতিবিদ। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীনেশ ত্রিবেদী পশ্চিমবঙ্গের রাজনীতিক হলেও বাঙালি নন। তবে সাবলীল বাংলা বলতে পারেন, বাঙালি সংস্কৃতিতেও বেশ অভ্যস্ত। বাংলাদেশ সম্পর্কেও তার জ্ঞান গভীর। গুজরাটি বাবা-মায়ের সন্তান দীনেশের স্কুল জীবন কেটেছে হিমাচল প্রদেশের বোর্ডিং স্কুলে। পরের ধাপ কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে। এরপর এমবিএ করেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে।
পশ্চিমবঙ্গে আশির দশকে কংগ্রেসের হাত ধরে রাজনীতি শুরু করেন দীনেশ ত্রিবেদী। এরপর ১৯৯০ সালে যোগ দেন জনতা দলে, সেই দল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ছিলেন রাজ্যসভার সদস্য। ১৯৯৮ সালে কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস গঠন করলে এই দলে যোগ দেন দীনেশ। তৃণমূল থেকে প্রথমে রাজ্যসভা সদস্য ও পরে লোকসভা সদস্য হয়েছেন। কেন্দ্রীয় সরকারের জোটসঙ্গী হিসেবে কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন।
তবে ২৩ বছরের সম্পর্ক ছেদ করে ২০২১ সালে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপিতে যোগ দেন দীনেশ ত্রিবেদী। এখনও এই দলের সঙ্গেই আছেন তিনি।


