রাজশাহীতে এক সাংবাদিকের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় ওই সাংবাদিককে হাতের রগকাটা অবস্থায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাতে নগরীর কোর্ট স্টেশন হড়গ্রাম বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম রওশন আরা (৫০)। তার স্বামী গোলাম কিবরিয়া কামাল ওরফে কামাল মালিক (৫৫) স্থানীয় ‘দৈনিক রাজশাহী সংবাদ’-এর উপসম্পাদক হিসেবে কর্মরত। তিনি ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং বর্তমানে হড়গ্রাম বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন জানান, রওশন আরাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার গলায় কাপড় প্যাঁচানো ছিল। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রয়োজন।
তিনি আরও জানান, সাংবাদিক কামাল মালিকের হাত ও পায়ে গুরুতর জখম রয়েছে এবং তিনি এক ধরনের রাসায়নিক দ্রব্য পান করেছিলেন। তার অবস্থা সংকটাপন্ন এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তিন তলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন কামাল মালিক দম্পতি। রাতের দিকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসার দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
ঘরের মেঝেতে রওশন আরার মরদেহ পড়ে ছিল এবং বিছানায় আহত অবস্থায় ছিলেন কামাল মালিক। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
‘দৈনিক রাজশাহী সংবাদ’-এর সম্পাদক আহসান হাবীব বলেন, ঘটনার খবর পেয়ে তারা হাসপাতালে যান। কীভাবে এই ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। কামাল মালিকের হাত-পায়ে গুরুতর জখম রয়েছে এবং তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।


