ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন তার সমর্থকেরা।
বৃহস্পতিবার রাত থেকে প্রায় ১৩ ঘণ্টা ধরে তারা শাহবাগ এলাকাতেই রয়েছেন।
গতরাত পৌনে ১০টার দিকে ওসমান হাদির মৃত্যুর খবর আসে। এরপর সাড়ে ১০টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা শাহবাগে জড়ো হতে শুরু করেন। এরপর তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। রাতভর অবস্থানের পাশাপাশি খণ্ড খণ্ড মিছিল নিয়েও অনেকে বিক্ষোভে অংশ নেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, আন্দোলনকারীরা সড়কে ব্যারিকেড দিয়েছেন। রাস্তা এখন ব্লকড আছে।

শাহবাগে অবস্থান নেওয়া এক শিক্ষার্থী আরাফাত রহমান উদয় বলেন, ওসমান হাদি হত্যার বিচার দাবিতে তারা এই আন্দোলন করছেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় হাদি তাদের সহযোদ্ধা ছিলেন। তার হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এর আগে বৃহস্পতিবার গোটা রাত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হয়েছে।
রাতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা চালিয়েছে কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে, আগুন দিয়েছে ফার্মগেটের ডেইলি স্টার ভবনে, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে এবং ধানমন্ডির শংকরে অবস্থিত ছায়ানট ভবনেও।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশ হলে তাকে হত্যার প্রতিবাদে পথে নামেন হাজারো মানুষ।


