পূর্ব শত্রুবার জেরে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় মাসুম হোসেন (২৮) নামে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষরা।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আক্কেলপুর উপজেলার তিলকপুর হাটের জিরো পয়েন্টে এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুম হোসেন নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, প্রতিপক্ষের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে মাসুম হোসেনের বিরোধ চলছিল। মঙ্গলবার রাত ১০টার দিকে তিলকপুর হাটের জিরো পয়েন্ট এলাকায় মাসুমের সঙ্গে প্রতিপক্ষ শিবলু রহমানসহ কয়েকজনের কথাকাটি হয়। এক পর্যায়ে তারা মাসুমের ওপর হামলা করে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়। তবে হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
তিলকপুর ইউনিয়নের ওয়ার্ড মেম্বার ইয়াছিন আলী (নান্নু) বলেন, জমিজমা নিয়ে মাঝেমধ্যে দুইপক্ষের মধ্যে ঝগড়া হতো। শেষ পর্যন্ত যা হত্যায় রূপ নেয়। এ অন্যায় কোনভাবে মেনে নেওয়া যায় না।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মারধরের ঘটনা জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মধ্যে হলেও নিহত ও হামলাকারীর বাড়ি নওগাঁ সদর থানায়। নিহতের মরদেহ নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।


