পিরোজপুরে দীর্ঘদিন ধরে সুপেয় পানির তীব্র সংকটের স্থায়ী সমাধানের দাবিতে পৌরসভা ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালন করেছে পৌরবাসী। বুধবার বেলা ১১টায় পিরোজপুর পৌরসভার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন পৌরসভার বিভিন্ন এলাকার ভুক্তভোগী মানুষ।
এ সময় বক্তারা জানান, দীর্ঘদিন ধরে পিরোজপুর পৌর এলাকায় সুপেয় পানির চরম সংকট বিরাজ করছে। অনেক এলাকায় নিয়মিত পানি সরবরাহ না থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে গ্রীষ্ম মৌসুম শুরু হতে না হতেই এ সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।
পৌরবাসীদের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।
দ্রুত সময়ের মধ্যে পানি সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, পানির লাইনের সংস্কার এবং নিরবচ্ছিন্ন সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।


