নওগাঁর বদলগাছীতে পাহাড়পুর বৌদ্ধ বিহারে এক চীনা পর্যটককে হেনস্তা করে টিকটকের জন্য ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় এক যুবককে আটক করেছে টুরিস্ট পুলিশ।
সোমবার দুপুরে ওই কন্টেন্ট ক্রিয়েটরকে আটক করে পুলিশ। আটক যুবকের নাম আব্দুল মাবুত। তিনি জয়পুরহাট জেলার চন্ডিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। স্থানীয়দের কাছে তিনি ‘হিরো নানা’ নামে পরিচিত।
৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বিদেশী পর্যটককে আব্দুল মাবুত নামে এক যুবক নানা প্রশ্ন করছেন। এমনকি ভিডিওতে গালাগালিও শোনা যায়। হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মাঝে শুরু হয় তীব্র সমালোচনা।
টুরিস্ট পুলিশ জানায়, সম্প্রতি পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসা এক চীনা পর্যটকের সঙ্গে আপত্তিকর হেনস্তার অভিযোগ ওঠে। এ সময় ওই পর্যটকের ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর টুরিস্ট পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।
টুরিস্ট পুলিশ জানায়, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিক প্রক্রিয়া শেষে তাকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।
আব্দুল মাবুতের ছেলে রাফি বলেন, ‘মজার ছলে আমরা এই ভিডিওটি করেছি। আমার বাবা বিষয়টি বুঝতে পারেনি।’
পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টডিয়ান মোহাম্মদ ফজলুল করিম মনে করেন, এ ঘটনায় পাহাড়পুর বৌদ্ধ বিহারের ব্যাপক সুনাম নষ্ট হয়েছে।
বদলগাছী থানার পরিদর্শক মো.নজরুল ইসলাম বলেন, পাহাড়পুর বৌদ্ধ বিহারে চীনা পর্যটক হেনস্তার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


