পাবনায় গৃহবধূ কানিজ ফাতেমা হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে তার স্বামী বরখাস্তকৃত সেনা সদস্য রাকিবুল ইসলামকে (২২) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুরে পাবনার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আবু সালেহ মো. সালাউদ্দিন খাঁ এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি রাকিবুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন এবং রায়ের পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় ৬ বছর আগে পাবনার বেড়া উপজেলার শম্ভুপুর গ্রামের আবদুল কাদেরের মেয়ে কানিজ ফাতেমার সঙ্গে সাঁথিয়া উপজেলার ফেচুয়ান গ্রামের চাঁদু শেখের ছেলে সেনা সদস্য রাকিবুল ইসলামের বিয়ে হয়। কিন্ত বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না এবং এ জন্য প্রায়ই রাকিবুল তার স্ত্রীকে মারধর করতেন।
এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ১৪ মে রাতে রাকিবুল তার স্ত্রী কানিজ ফাতেমাকে শ্বাসরোধে হত্যার পর লাশ সাঁথিয়া উপজেলার সোনাতলা এলাকার ইছামতি নদীতে ফেলে দেন। পরদিন পুলিশ তার লাশ উদ্ধার করে। ঘটনার পরদিন নিহতের বাবা আবদুল কাদের থানায় একটি হত্যা মামলা করেন। মামলা চলাকালীন রাকিবুলকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। দীর্ঘ তদন্ত ও শুনানির পর রোববার এই মামলার রায় দেওয়া হলো।
আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোকিবুল আলম লাবলু এবং বাদীপক্ষে ছিলেন পিপি অ্যাডভোকেট রাজিউল্লাহ রঞ্জু।


