পাবনার ভাঙ্গুড়ায় ‘পঞ্চগড় এক্সপ্রেসের’ বগি লাইনচ্যুতের ঘটনার সাড়ে ৫ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এতে উত্তরবঙ্গের ১৬টি জেলার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল শুরু হয়।
রেল সূত্র জানায়, দীর্ঘ সময় এ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় শত শত যাত্রীকে ভোররাত থেকে পোহাতে হয় অশেষ দুর্ভোগ। ট্রেন চলাচল বিঘ্ন হওয়ায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ও ঢাকা থেকে উত্তরবঙ্গগামী অসংখ্য যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের শিডিউল লন্ডভন্ড হয়ে যায়।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বগি উদ্ধারের পর চাটমোহর স্টেশনে অপেক্ষামান বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে সাড়ে ১০টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
পাকশী পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় প্রকৌশলী-২ নাজিম কায়সার জানান, উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে, সোমবার ভোর ৪টার দিকে পাবনার ভাঙ্গুড়ায় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে, এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ট্রেনের যাত্রীরা জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী ‘পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি’ রোববার রাত সাড়ে ১১টার দিকে রওয়ানা দেয়। পথে ভোর ৪টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে লাফিয়ে নেমে পড়েন। এ সময় ভাঙ্গুড়া থানা-পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা দেয়।
তবে, এ ঘটনার সাড়ে তিন ঘন্টা পর সকাল সাড়ে ৭টার দিকে বগি উদ্ধারকাজ শুরু করে রেল কর্তৃপক্ষ।


