নোয়াখালীর সেনবাগ পৌরসভা এলাকার একটি বাসা থেকে এক অজ্ঞাত ব্যক্তির (আনুমানিক ৪০ বছর) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের কক্ষ তল্লাশি করে সেনাবাহিনীর একসেট ইউনিফর্ম ও ‘ফরহাদ’ নামের একটি নেমপ্লেট পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত ১১ টার দিকে সেনবাগ পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিনন্নাগুনি এলাকার একটি বাসা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায় গত ১৫ মে ওই ব্যক্তি নিজেকে সেনবাগ পল্লী বিদ্যুতের কর্মচারী পরিচয় দিয়ে বিনন্নাগুনি শামসুদ্দিনের দুইতলা ভবনের নিচতলার একটি কক্ষ ভাড়া নেন। সে সময় তিনি পরিবার নিয়ে থাকবেন বলে জানালেও, রখন পর্যন্ত ওই কক্ষে তিনি একাই বসবাস করছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি হোটেল থেকে খাবার খেয়ে তার রুমের ফ্লোরে শুয়ে ছিলেন। রাতে বাড়ির মালিক ঘরের দরজা খোলা দেখতে পেয়ে তাকে ডাকেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন।
খবর পেয়ে সেনবাগ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ নিহতের কক্ষ তল্লাশি করে একটি কালো রঙের ব্যাগ থেকে একসেট সেনাবাহিনীর ইউনিফর্ম (পোশাক) এবং ‘ফরহাদ’ নামের একটি নেমপ্লেট উদ্ধার করে। তবে নিহতের প্রকৃত পরিচয় বা তিনি আসলেই সেনাবাহিনী কিংবা পল্লী বিদ্যুতের সাথে জড়িত ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সেনবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে তথ্য জাচাই বাছাই করছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


