নেত্রকোনার রাজুর বাজার এলাকায় চলন্ত আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।
রোববার সকালে নেত্রকোনা জেলা শহরের রাজুর বাজার এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ইয়াসিন আহমেদ সিয়াম (১৮)।
নেত্রকোনা বড় স্টেশনের সহকারী স্টেশন মাস্টার নাসির উদ্দীন জানান, নিহতের বাবার নাম রুহুল আমিন। তিনি বারহাট্টা উপজেলার ধলপুর গ্রামের বাসিন্দা।
তিনি বলেন, এদিন সকালে নিহত ইয়াসিন আহমেদ সিয়াম আন্তঃনগর ট্রেন ‘হাওর এক্সপ্রেসে’ করে ঢাকার উদ্দেশে রওনা দেন। ভ্রমণকালে ট্রেনটির দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন তিনি।
একসময় ট্রেনটি রাজুর বাজার এলাকায় পৌঁছালে দরজার কাছে দাঁড়িয়ে থাকা সিয়াম হঠাৎ অসাবধানতাবশত ট্রেন থেকে পড়ে যান। এতে তিনি ট্রেনের চাকার নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে ময়মনসিংহ জিআরপি পুলিশের পরিদর্শক মো. আখতার হোসেন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


