আগামী নির্বাচনকে সামনে রেখে কিছু রাজনৈতিক দল শঙ্কা তৈরির চেষ্টা করলেও যথাসময়ে নির্বাচন হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘অযাচিতভাবে কিছু সংখ্যক রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছে। তবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে ‘
রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শঙ্কা তৈরির চেষ্টায় বিএনপি উদ্বিগ্ন বলেও জানান মির্জা ফখরুল। তবে নির্বাচন কমিশন ও সরকারের ওপর আস্থা রয়েছে বলে সময়মতো নির্বাচনের বিষয়ে তারা আশাবাদী বলেও জানালেন।
সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিবার্ষিক সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্মেলনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি অত্যন্ত সফল একটি সম্মেলন হবে। সবচেয়ে বড় পাওয়া হলো তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। আমরা আশাবাদী, সম্মেলনের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হবে।’
দীর্ঘ ৮ বছর পর ঠাকুরগাঁওয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শহরের জেলা স্কুল বড় মাঠে সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। এরই মধ্যে ব্যানার, ফেস্টুনে সেজে উঠেছে বড় মাঠ। নেতাকর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে বিপুল উৎসাহ আর উদ্দীপনা।
সম্মেলন উপলক্ষে মাঠে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সদস্যরা স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োজিত থাকবেন বলেও জানিয়েছে বিএনপি।


