নারায়ণগঞ্জের বন্দরে টিউবওয়েল বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমদ আলী (৪০) নামে এক স্কুল দপ্তরির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার দুপুরে বন্দর থানার হাজীপুর কবরস্থান রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আহমদ আলী হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি ছিলেন। তিনি স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড পূর্ব হাজীপুর এলাকার মৃত আমানুল্লাহ মেম্বারের ছেলে।
স্থানীয়রা জানান, পূর্ব হাজীপুর কবরস্থান রোড এলাকার বাসিন্দা মোহাম্মদ রাজুর বাড়িতে টিউবওয়েল বসানোর কাজ চলছিল। এ সময় টিউবওয়েলের লোহার পাইপ ওপরে তুলতে গিয়ে পাশে থাকা উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায়। এতে পাইপটি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই চারজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহমদ আলীকে মৃত ঘোষণা করেন। আহত জুয়েল আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। অপর দুই আহত জামান ও হাবিব মিয়াও হাসপাতালে চিকিৎসাধীন।
মদনগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে। পরে নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানান।


