দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুদক কর্তৃক তদন্তাধীন একটি দুর্নীতি মামলায় রিকোজিশনের ভিত্তিতে মোহাম্মদপুরে তার নিজ বাসা থেকে নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের কাছে তাকে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত ১৮ জুন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি না মেনে নকশা পরিবর্তন এবং মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি করেছেন। এছাড়া ঠিকাদারের রানিং বিল থেকে কেটে রাখা নিরাপত্তা জামানত ব্যাংকে এফডিআর হিসেবে জমা দিয়ে এবং লিয়েনে রেখে ঠিকাদারকে লোন দেওয়ার জন্য ‘নো অবজেকশন সার্টিফিকেট’ অনুমোদন দিয়ে সরকারের ৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন।


