নড়াইলের লোহাগড়ায় এক গৃহবধূর ডান পা শিকলে বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারীর নাম রিতা বেগম (৩৮)। দুই সন্তানের মা রিতা ওই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।
এলাকাবাসী জানায়, রিতা বেগমের মানসিক অসুস্থতা রয়েছে, এমন সন্দেহে বেশ কিছুদিন ধরে পরিবারের লোকজন তাকে আলাদা একটি ঘরে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখতো। সোমবার সকালে পরিবারের লোকজন ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় রিতার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত রিতার স্বামী রবিউলের নামে লোহাগড়া থানায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তিনি পলাতক রয়েছেন। নিহতের শাশুড়ী বুলিনা বেগম জানান, দীর্ঘদিন সে মানসিক অসুস্থতায় ভুগছিল এজন্য তাকে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হতো।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


