বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রয়েছে। রাজনীতি স্থিতিশীল থাকলে দেশের অর্থনীতি সামনে আরও ভালোভাবে চলবে।’
শনিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইলে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) উদ্যোগে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কাছে ব্যাংকের অর্থ সহজে পৌঁছে দিতে ‘এমএফআই-ব্যাংক লিংকেজ’ বিষয়ে আঞ্চলিক সেমিনারে এসব কথা বলেন তিনি।
দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে আহসান এইচ মনসুর বলেন, ‘বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে। বিভিন্ন গ্রুপ অব কোম্পানিগুলোর ‘ক্লেম এস্টাবলিস্ট’ করার চেষ্টা করছেন। যদি সেটা সফল হয়, তাহলে দ্রুত পজিটিভ ফল আসবে ‘
অনুষ্ঠানে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন এবং দেশের বিভিন্ন এনজিওর চেয়ারম্যানরা।


