বাংলাদেশেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সর্বোত্তম চিকিৎসা পাচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন।
তিনি বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসরা রয়েছেন। যার মধ্যে রয়েছে জন হপকিন্স এবং মাউন্ট সিনাই হসপিটালের মতো হাসপাতালেল চিকিৎসকরাও। সবার পরামর্শ মেনেই চলছে চিকিৎসা।
বুধবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, ‘আমরা আগেও বলেছি। খালেদা জিয়াকে চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, তিনি তা গ্রহণ করতে পারছেন। তার শরীর চিকিৎসায় রেসপন্স করছে।’
খালেদা জিয়া যে সংকটময় সময় পার করছেন, তা যেন তিনি সফলভাবে উৎরে যেতে পারেন সেজন্য দেশের মানুষের কাছে দোয়া চান এই চিকিৎসসক।
তিনি বলেন, কেবল পরিবারের সদস্য বা বিএনপি নেতারাই নন দেশের রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ-খবর রাখছেন।
গত শুক্রবার বিএনপি চেয়ারপারসনকে দেশের বাইরে নেওয়ার জন্য থাকলেও শেষ পর্যন্ত নেওয়া যায়নি উল্লেখ করে ডা. জাহিদ বলেন, অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি এবং খালেদা জিয়ার স্বাস্থ্য এয়ার অ্যাম্বুলেন্সে ফ্লাই করার উপযুক্ত না থাকায় তাকে দেশের বাইরে নিতে পারিনি। তবে মেডিকেল বোর্ড সবসময় পরামর্শ দিচ্ছে। সবাই মিলে চেষ্টা করছে যেন দেশেই তার সর্বোত্তম সেবা নিশ্চিত করা যায়, যেন তিনি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো চিকিৎসা পেতে পারেন।


