দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সাত বছরের সম্পর্কের পর বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজস্থানের উদয়পুরে ঘনিষ্ঠ পরিসরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরিবার ও নিকট বন্ধুদের উপস্থিতিতে আয়োজিত এ বিয়েকে তারা নাম দিয়েছেন ‘ভিরোশ’—ভক্তদের দেওয়া তাদের জুটির নামের প্রতি সম্মান জানিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটের কিছু পর বিয়ের মূল পর্ব সম্পন্ন হয়। তবে একদিনেই দুইবার বিয়ে সারতে হয়েছে এই জুটিকে। কারণ, বিজয় তেলুগু সংস্কৃতির এবং রাশমিকা কর্নাটকের কোডাভা সম্প্রদায়ের।
সকাল ৮টায় তেলুগু রীতিতে প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। অতিথিদের স্বাগত জানানো হয় নারকেলের পানি দিয়ে, খাবার পরিবেশন করা হয় কলাপাতায়। বর–কনের পোশাকেও ছিল দক্ষিণী ঐতিহ্যের ছাপ। বিকেল ৪টায় কর্নাটকীয় রীতিতে দ্বিতীয় দফা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, যেখানে যুক্ত হয় কোডাভা সম্প্রদায়ের নিজস্ব কিছু আচার ও ঐতিহ্য।
উদয়পুর শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের একটি প্রাসাদে বসেছিল রাজকীয় এ আসর। আগামী ৪ মার্চ তাদের সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সেখানে দক্ষিণ ও বলিউডের একঝাঁক তারকার উপস্থিতি দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে—যাদের মধ্যে রয়েছেন আল্লু অর্জুন, রাম চরণ, এস এস রাজামৌলি ও প্রভাস।
পর্দার রসায়ন থেকেই বাস্তবের সম্পর্কের শুরু। গীতা গোবিন্দম ও ডিয়ার কমরেড–এ একসঙ্গে অভিনয়ের সময় থেকেই তাদের ঘনিষ্ঠতা বাড়ে। যদিও বহুবার সম্পর্কের প্রশ্নে নীরব থেকেছেন বা বন্ধুত্বের কথা বলেছেন, সম্প্রতি প্রকাশ্যে নিজেদের সম্পর্ক স্বীকার করেন তারা। বিজয় দেবরাকোন্ডা অর্জুন রেড্ডি–এর মাধ্যমে সর্বভারতীয় পরিচিতি পান। অন্যদিকে রাশমিকা মান্দানা পুষ্পা: দ্য রাইজ ও অ্যানিমাল–এর সাফল্যে তেলেগু ও কন্নড় সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন।
দীর্ঘ প্রতীক্ষার পর বাস্তবে রূপ নিল ভক্তদের প্রিয় ‘ভিরোশ’। এখন অপেক্ষা কেবল তাদের আনুষ্ঠানিক বিয়ের অ্যালবাম প্রকাশের।


