ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের ছবি ‘মানুষের বাগান’।
১৯ মে উৎসবের সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস-এ আয়োজিত অনুষ্ঠানে ছবিটির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার প্রীতি রহমান।
বাংলাদেশ হাইকমিশনের নিউ দিল্লি ভেরিফায়েড ফেসবুক পেজ সূত্রে এ তথ্য জানা গেছে। একই সঙ্গে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজক ফরিদুর রেজা সাগর এই অর্জনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে পরিচালক নুরুল আলম আতিক বলেন, সামাজিক বিষয়ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে এই স্বীকৃতি তাদের জন্য আনন্দের। দীর্ঘদিন আগে নির্মিত এই কাজটি তৈরির সময় সংশ্লিষ্ট কলাকুশলীদের সহযোগিতার কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তাঁর আশা, শিগগিরই দর্শকরা সিনেমাটি দেখতে পাবেন এবং তাদের প্রতিক্রিয়াই হবে প্রকৃত মূল্যায়ন।
সিনেমার পোস্টার থেকেই এর কাহিনির ইঙ্গিত মেলে—পৃথিবীকে এক বিশাল বাগান হিসেবে দেখানো হয়েছে, যেখানে নানা বয়স ও পেশার মানুষ নিজেদের মতো করে জীবন, কাজ ও স্বপ্ন নিয়ে ব্যস্ত। কেউ গাছ লাগাচ্ছে, কেউ আঁকছে, কেউ আবার ভবিষ্যতের স্বপ্ন খুঁড়ে তুলছে মাটির ভেতর থেকে। পরিচালক জানিয়েছেন, সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের পাঁচটি ভিন্ন গল্পের সমন্বয়ে নির্মিত হয়েছে ‘মানুষের বাগান’।
২০১৮ সালে শুরু হওয়া সিনেমাটির শুটিং এক বছরের মধ্যেই শেষ হলেও পরবর্তী প্রস্তুতি ও আনুষঙ্গিক কাজ শেষ হতে দীর্ঘ সময় লাগে। চলতি বছরের ফেব্রুয়ারিতে এটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সনদ পায় এবং একই বছরে প্রথম সনদপ্রাপ্ত সিনেমাগুলোর একটি হিসেবে স্বীকৃতি পায়।
সিনেমাটিতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, দীপান্বিতা মার্টিন, অর্চিতা স্পর্শিয়া, মুনিরা মিঠু, মাহমুদ আলম, প্রসূন আজাদসহ অনেকে। নির্মাতারা জানিয়েছেন, শিগগিরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটি প্ল্যাটফর্মে আসবে।


