রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক (২৫) নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ২টার দিকে ডেমরা-রামপুরা সড়কের মেন্দিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। রাত সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মইনুদ্দিন জানান, রাতে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে ওই যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার পরনে সাদা ফুলহাতা শার্ট ও নীল জিনস প্যান্ট ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই আরও জানান, যুবকটি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কোনো গাড়ি তাকে ধাক্কা দেয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে।


