ফরিদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু এবং ঢাকার তুরাগ নদ থেকে তিন দিনে তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংগঠনটি উভয় ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এ আহ্বান জানান।
তিনি বলেন, রাষ্ট্রের হেফাজতে থাকা কোনো ব্যক্তির জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। তাই হেফাজতে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে একটি স্বাধীন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত পরিচালনা করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।
বিবৃতিতে বলা হয়, তুরাগ নদ থেকে স্বল্প সময়ের ব্যবধানে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনাও জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। এসব মৃত্যুর পেছনে অপরাধমূলক কর্মকাণ্ড, নিখোঁজ হওয়া, পরিকল্পিত হত্যা বা অন্য কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রয়েছে কি না, তা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে।
এইচআরএসএসের মতে, প্রতিটি অস্বাভাবিক মৃত্যু—বিশেষ করে রাষ্ট্রের হেফাজতে মৃত্যু বা রহস্যজনকভাবে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনা—আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী দ্রুত, স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের দাবি রাখে। পাশাপাশি তদন্তে কোনো ধরনের প্রভাব বা পক্ষপাত যেন না থাকে এবং ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করা হয়।
সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগীয় কর্তৃপক্ষের প্রতি উভয় ঘটনার প্রকৃত সত্য বের করা, দোষীদের আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।


