ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার প্রধান রিটার্নিং অফিসার মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটকেন্দ্রে প্রবেশের সময় ভোটারদের সঙ্গে ব্যাগ, মোবাইল ফোন, স্মার্টওয়াচসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরলজাতীয় বস্তু বহন নিষিদ্ধ থাকবে। নির্বাচনী শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুবিধার্থে নির্বাচনের দিন চক্রাকার শাটল সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে এবার মোট ৮টি ভোটকেন্দ্রে বুথের সংখ্যা তৃতীয়বারের মতো বাড়িয়ে ৮১০ করা হয়েছে। শুরুতে বুথের সংখ্যা ছিল ৫০০, পরে তা ৭১০-এ উন্নীত করা হয়েছিল।
মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৪তম ডাকসু নির্বাচন। এবারের নির্বাচনে উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামিম-মায়েদ পরিষদ’, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’, বাম জোট সমর্থিত ‘প্রতিরোধ পর্ষদ’সহ পূর্ণ ও আংশিক মিলিয়ে প্রায় ১০টি প্যানেল অংশ নিচ্ছে।
মোট ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। শুধু সদস্যপদেই লড়ছেন সর্বাধিক ২১৭ জন প্রার্থী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ১৩টি পদে মোট এক হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।


