ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদের মধ্যে কার্যনির্বাহী সদস্য পদে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
এরা হলেন স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের হেমা চাকমা এবং সমাজবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সর্বমিত্র চাকমা।
হেমা চাকমা বামপন্থি ছাত্র সংগঠনগুলোর জোট ‘প্রতিরোধ পর্ষদ প্যানেল’ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ৪ হাজার ৯০৮ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন। তার বাড়ি খাগড়াছড়ির পানছড়ি উপজেলায়।
নির্বাচনী প্রচারণার সময় তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগে সমালোচনার মুখে পড়েন। তিনি ছাত্রলীগের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট শাখার সাংস্কৃতিক উপ-সম্পাদক ছিলেন বলে অভিযোগ ওঠে।
অন্যদিকে, সর্বমিত্র চাকমা ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ এর প্যানেল থেকে প্রার্থী হয়ে ৮ হাজার ৯৯৮ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হন।
তার বাড়ি রাঙ্গামাটি সদর উপজেলায়। বাঙালি বা মুসলমান না হয়েও ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করায় শুরু থেকেই আলোচনায় ছিলেন তিনি।


