টাঙ্গাইলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ আন ম ইলিয়াস এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুরের কটারবাড়ী গ্রামের আব্দুর রহিম (৪৫), ময়মনসিংহের কামারিয়া গ্রামের শফিকুল ইসলাম শফি (৪৭) ও শামসুল হক (৩৫)।
রায়ে প্রধান আসামি আব্দুর রহিমকে একটি ধারায় ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপর ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বাকি দুই আসামি শফিকুল ইসলাম ও শামসুল হককে যাবজ্জীবন কারাদণ্ডসহ এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেকের আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
রাষ্ট্রপক্ষের বিশেষ সরকারি কৌঁসুলি মো. ওমরাও খান দিপু জানান, ২০২৩ সালের ২২ জুন বিয়ের পাত্রী দেখানোর প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে জামালপুর থেকে টাঙ্গাইলের মধুপুরের দোখলা বনাঞ্চলে নেওয়া হয়। সেখানে আসামিরা তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। এই ঘটনায় মধুপুর থানায় মামলা হলে বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত রায় দিলেন।


