টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের একদিন পর বাড়ির পাশে একটি ডোবা থেকে পারভীন (৪৬) নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে সখীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের হাসপাতাল গেইটের দক্ষিণে বাসার কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পারভীন সখীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের মৃত হুমায়ূন খানের স্ত্রী।
পরিবার জানিয়েছে, গত ২৯ জুন রাত সাড়ে ৯টার দিকে ঢাকার সাভারে চাকরিরত ছেলে ফাহাদের সঙ্গে মোবাইলে তার সর্বশেষ কথা হয়। পরদিন মঙ্গলবার সকাল থেকে ফাহাদসহ পরিবারের সদস্য ও স্বজনরা একাধিকবার ফোন করলেও কল রিসিভ করেননি পারভীন। একই দিন সন্ধ্যায় ফাহাদ ঢাকা থেকে ফিরে সখীপুর থানায় সাধারণ ডায়েরী করেন। এরপর রাত থেকেই পুলিশ ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজা শুরু করেন।
খোঁজাখুজির একপর্যায়ে বুধবার সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) এ. কে এম মামুনুর রশীদ বলেন, সকালে ডোবা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে এ ঘটনার বিস্তারিত জানা যাবে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।