ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনের তাহিরপুর উপজেলায় জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করতে নগদ টাকা বিতরণের অভিযোগ তুলেছে বিএনপি। এ ঘটনায় লিখিত অভিযোগ জমা পড়েছে উপজেলা প্রশাসনের কাছে।
বুধবার বিকালে বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুলের নির্বাচন পরিচালনা মনিটরিং কমিটির প্রতিনিধি মেহেদী হাসান উজ্জ্বল তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগটি দাখিল করেন।
লিখিত অভিযোগে বলা হয়, জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমদের কর্মীরা উপজেলার বিভিন্ন এলাকায় নগদ টাকা বিতরণ করছেন। এর মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে এবং এ পরিস্থিতিতে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অভিযোগটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
অভিযোগে জামায়াতের চার স্থানীয় নেতার নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন বড়দল উত্তর ইউনিয়নের জালালপুর গ্রামের কামরুল ইসলাম, শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও গ্রামের ফরিদ মিয়া, বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের সেলিম মিয়া এবং শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মহসিন রেজা মানিক।
অভিযুক্তদের একজন মহসিন রেজা মানিক অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি হাস্যকর। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, যারা এ ধরনের অভিযোগ করছেন, সেটিকে হুমকি হিসেবেও দেখা যেতে পারে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, অভিযোগটি তদন্তের জন্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।


