বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী ১৯ জানুয়ারি। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার সকাল ১১টায় জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ দলের সব পর্যায়ের নেতাকর্মীদের পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ। পরদিন মঙ্গলবার সকাল ১১টায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় দেশের বিশিষ্ট ব্যক্তি ও বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য দেবেন। এ অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমানকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে বলে জানানো হয়।
এ ছাড়া, জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ওই দিন একটি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘সোমবার জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সব জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের ইউনিটগুলোতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।‘
তিনি আরও বলেন, দিবসটি উপলক্ষে ইতোমধ্যে পোস্টার প্রকাশ করা হয়েছে এবং ১৯ জানুয়ারি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি সোমবার বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থানের মাধ্যমে তিনি রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন। পরে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত দল তিনবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়।


