সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটি শপথই নেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত জনপ্রতিনিধিরা।
এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন টাইমস অব বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘জনগণ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, এজন্য আমরা দুটি শপথই নিচ্ছি।’
বিএনপি ক্ষমতামুখী দল হিসেবে কেবল সরকার গঠনের শপথ নিয়ে গণরায় উপেক্ষা করেছে বলেও অভিযোগ করেন তিনি।
আব্দুল্লাহ আল আমিন আরও বলেন, ‘একই সঙ্গে বিএনপি জনগণের রায় ও জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করায় আমরা আজ অনুষ্ঠিতব্য মন্ত্রীপরিষদের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করব না।’
এর আগে মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি ও ১২টা ২০ মিনিটের দিকে জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা শপথ নেন।
তবে বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।
এমন পরিস্থিতিতে জামায়াত ও এনসিপির সংসদ সদস্যদের শপথ নিয়ে শঙ্কা দেখা দেয়। পরে জামায়াত আমির শফিকুর রহমানের নেতৃত্বে জরুরি বৈঠকে বসেন ১১ দলীয় জোটের নেতারা। সেখানেই সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নেয় জামায়াত জোট।


