জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে। এই বাজেটে গবেষণা ও উদ্ভাবন খাতে কোনো বরাদ্দ রাখা হয়নি।
শনিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে এ বাজেট উপস্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম আবদুর রব বাজেটটি উপস্থাপন করেন।
উত্থাপিত বাজেটে সবচেয়ে বড় অংশ, ২০১ কোটি ৪৩ লাখ টাকা (৫৭ দশমিক ৭৭ শতাংশ) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ কোটি ৩ লাখ টাকা (২২ দশমিক ৩৮ শতাংশ) বরাদ্দ রাখা হয়েছে সাধারণ সরবরাহ ও সেবা বা প্রশাসনিক আনুষঙ্গিক ব্যয় খাতে।
এদিকে পেনশন ও অবসর-সুবিধা খাতে বরাদ্দ কমিয়ে ৩৭ কোটি ১৪ লাখ টাকা (১০ দশমিক ৬৫ শতাংশ) নির্ধারণ করা হয়েছে। গত অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৪৪ কোটি ২৪ লাখ টাকা।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এই রাজস্ব বাজেটে এবার গবেষণা ও উদ্ভাবন খাতে কোনো বরাদ্দ রাখা হয়নি। এ খাতে বরাদ্দ শূন্য দেখানো হলেও বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, গবেষণার জন্য প্রয়োজনীয় অর্থ পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে সরাসরি বরাদ্দ দেওয়া হবে।
এ ছাড়া উত্থাপিত বাজেটে যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়ে ১১ কোটি ৩৭ লাখ টাকা (৩ দশমিক ২৬ শতাংশ), অবকাঠামো মেরামত ও রক্ষণাবেক্ষণে ৯ কোটি ৪৭ লাখ টাকা (২ দশমিক ৭২ শতাংশ), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে ২ কোটি ৮২ লাখ টাকা (০ দশমিক ৮১ শতাংশ), যানবাহন ক্রয়ে ২ কোটি ৪৪ লাখ টাকা (০ দশমিক ৭০ শতাংশ) এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা খাতে ৭০ লাখ টাকা (০ দশমিক ২০ শতাংশ) বরাদ্দ রাখা হয়েছে।


