বর্ষাকালে জলাবদ্ধতা রোধে কার্যকর ও পরিকল্পিত ড্রেন নির্মাণের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, বৃষ্টির পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করে ড্রেন নির্মাণ করতে হবে, যাতে কোথাও পানি জমে না থাকে।
বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক জরুরি আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন শামীমবাগ এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনের বিষয়ে আলোচনা হয়।
সভায় সিদ্ধান্ত হয়, মাতুয়াইল মা ও শিশু হাসপাতাল থেকে শহীদনগর চৌরাস্তা পর্যন্ত এলাকায় জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে প্রয়োজনীয় রাস্তা ও ড্রেন নির্মাণ এবং সংস্কার কাজ দ্রুত শুরু করা হবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই কাজ সঠিতকভাবে সম্পন্ন হলে ঘনবসতিপূর্ণ এ এলাকার দীর্ঘদিনের জনভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে।
প্রতিমন্ত্রী বলেন, রাস্তা খনন বা নির্মাণকাজে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সময় জনদুর্ভোগ কমিয়ে আনা এবং টেকসই অবকাঠামো নিশ্চিত করার দিকেও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, আমাদের গৃহীত প্রকল্পগুলো যেন মানুষের উপকারে আসে, তাদের উন্নতি সাধন করে, সেদিকে নজর রাখতে হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে যত্নশীল হওয়ার পরামর্শ দেন।
প্রধানমন্ত্রীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব নগরায়নের দর্শন তুলে ধরে তিনি বলেন, তাড়াহুড়ো করে নয়, বরং সরেজমিনে পরিদর্শন করে প্রকল্পের অগ্রগতি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সরকার চায় প্রতিটি নাগরিক যেন আধুনিক নাগরিক সুবিধা ভোগ করতে পারে।
সভায় স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনুবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, অঞ্চল-৯-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, ডিপিডিসি এবং স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


