টানা ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতা ও রেললাইনের বিভিন্ন স্থানে গাছ পড়ে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বুধবার বিকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের এই পরিবহন ব্যবস্থা বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কামরুল হোসেন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টানা বৃষ্টিপাতের কারণে রেললাইনের কয়েকটি স্থানে অতিরিক্ত পানি জমে গেছে। এ ছাড়া লাইনের ওপর কয়েক জায়গায় গাছ পড়ে যাওয়ায় শাটল চলাচল বন্ধ রয়েছে। এর আগে দুপুরের দিকে দুটি শাটল ট্রেন আটকা পড়েছিল।
তিনি আরও বলেন, রেললাইন থেকে পানি কমানো এবং গাছ সরানোর পর পরিস্থিতি স্বাভাবিক হলে শাটল চলাচল শুরু হবে। তবে কখন থেকে ট্রেন চলবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এদিকে শাটল ট্রেন বন্ধ হওয়ায় চট্টগ্রাম শহর থেকে ক্যাম্পাসে যাতায়াতকারী শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
এর আগে, দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল সাড়ে ৭টায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
চট্টগ্রাম নগরে টানা তিন দিনের ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থায়ও।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হলে নিয়মিত সময়সূচি অনুযায়ী শাটল ট্রেন চলাচল শুরু হবে।


