আদালতপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পরিবার ও আইনজীবীর সঙ্গে কথা বলার অধিকার খুইয়েছেন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এমনটাই দাবি করেছেন তার আইনজীবী ব্যারিস্টার লিটন আহমেদ। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ, এ বিষয়ে আসামিপক্ষের করা আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।
পরিবার ও আইনজীবীর সঙ্গে পলকের কথার বলার অধিকার চেয়ে ট্রাইব্যুনালে শুনানি করেন আইনজীবী লিটন। তিনি বলেন, কারাগারে থাকা পলককে আইনজীবী ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও ফোনে কথা বলতে দেওয়া হচ্ছে না। তিনি এ বিষয়ে ব্যবস্থা নিতে ট্রাইব্যুনালের কাছে আর্জি জানান। তবে, প্রসিকিউশন এর বিরোধিতা করে।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আসামি কারাগারে থাকা অবস্থায় কারা কর্তৃপক্ষের অধীনে থাকেন। কারা কর্তৃপক্ষ কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়। আসামি শৃঙ্খলাবিরোধী কাজ করলে কারা কর্তৃপক্ষ কারাবিধি অনুযায়ী শাস্তির অংশ হিসেবে কারও বিশেষ কোনো সুযোগ বারিত করতে পারে। তাই এ বিষয়ে সাধারণভাবে আদেশ দেওয়া যেতে পারে।
এরপর আদালত আইনজীবী এবং পরিবারের সঙ্গে পলকের সাক্ষাৎ ও ফোনে কথা বলার ক্ষেত্রে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়।
পরে আইনজীবী লিটন আহমেদ টাইমস অব বাংলাদেশকে বলেন, সম্প্রতি ঢাকার একটি আদালতে হাজিরা দিতে গিয়ে প্রিজন ভ্যানে বসে পলক জয়বাংলা স্লোগান দেন। এরপর তিনি কারাগারে গেলে, কারা কর্তৃপক্ষ এক মাসের জন্য পরিবার ও আইনজীবীর সঙ্গে তার সাক্ষাৎ ও কথা বলা রহিত করে।
তিনি বলেন, ‘আমরা ট্রাইব্যুনালে আবেদন করেছিলাম। আদালত কারাবিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।’


