ভোটের বেসরকারি ফলে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এই বিজয়কে তিনি টাঙ্গাইল সদরের আপামর জনগণের বিজয় হিসেবে অভিহিত করেছেন।
বৃহস্পতিবার মধ্যরাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক বেসরকারিভাবে ফল ঘোষণার পর দলীয় নেতাকর্মীরা টুকুকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। পরে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
টুকু বলেন, ‘এতদিন যারা আমার জন্য কষ্ট করেছেন ও শ্রম দিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার প্রত্যেক নেতাকর্মীর অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি। এই বিজয় টাঙ্গাইল সদরের আপামর জনগণের বিজয়। আমি আপনাদের শ্রমের মূল্য হয়তো দিতে পারব না, কিন্তু আগামী দিনে ইনশাল্লাহ যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন।’
টুকু বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তারেক রহমানের নেতৃত্ব জনগণ স্বাগত জানিয়েছে।
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে টাঙ্গাইলে শান্তি প্রতিষ্ঠা ও একটি আধুনিক টাঙ্গাইল গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘আমি টাঙ্গাইলের জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি, ইনশাল্লাহ প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।’
‘দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ হয়েছে স্বাধীনতা, স্বাভৌমত্ব রক্ষার জন্য। যারা ৭১-এ এই দেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল, যারা এই দেশকে চায়নি, স্বাধীনতাকে চায়নি, দেশের রাজনীতিতে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে সেই শক্তিকে ব্যবহারের চেষ্টা করেছে। জনগণ তারেক রহমানের নেতৃত্বে সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে’, যোগ করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীকে এক লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল পেয়েছেন ৬৯ হাজার ৪০৮ ভোট।


