জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।
অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম-সেবা, পিপিএম-সেবা এর সভাপতিত্বে মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
দুই দিনব্যাপী এই অপরাধ পর্যালোচনা সভার দ্বিতীয় দিনে বিশেষায়িত ইউনিটের কর্মকর্তারা এবং প্রথম দিনে মেট্রোপলিটন ও রেঞ্জ কর্মকর্তাগণ অংশ নেন। সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপারগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভার্চ্যুয়ালি ও সরাসরি যুক্ত ছিলেন।
সভায় অতিরিক্ত আইজি পেশাদারত্বের সঙ্গে মামলা তদন্ত করে দ্রুত বিচার কাজ সম্পন্ন করতে এবং মামলা তদন্তে তদারকি বাড়ানোর জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।
একই সঙ্গে অভিযান পরিচালনার ক্ষেত্রে পুলিশ সদস্যদের নিজেদের এবং সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও নির্দেশনা প্রদান করা হয়।
সভায় গত মে মাসের সার্বিক অপরাধ পর্যালোচনা, সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা, মামলা তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।


