চুয়াডাঙ্গার জীবননগরের বেনীপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সেখানে বেনীপুর ‘সীমান্তে বিএসএফের হত্যা’ এবং ‘পুশইন’ বন্ধের দাবি জানায় বিজিবি।
শনিবার বিকেল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এদিন রাত পৌনে ৮টায় বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬৩/৭-এস এর নিকট সীমান্তের শূন্য রেখা বরাবর বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. রফিকুল আলম (পিএসসি) ও স্টাফ অফিসারসহ ১০ জন এবং প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মুগনথান ও স্টাফ অফিসারসহ ১০ জন অংশগ্রহণ করেন। সৌজন্য সাক্ষাতে বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, ‘সীমান্ত হত্যা’ না হওয়া, মানব পাচার রোধ, ‘বিএসএফ কর্তৃক পুশইন না করা’ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়।
আলোচনা শেষে উভয় ব্যাটালিয়ান কমান্ডার এবং বিজিবি-বিএসএফের উপস্থিত সকল সদস্য সীমান্তের জিরো লাইন ধরে প্রায় দুই কিলোমিটার হাঁটেন। পরিশেষে, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আগামী দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ শেষ হয়।


