গাইবান্ধার গোবিন্দগঞ্জে রিকশার হর্ণ বাজানো নিয়ে চালককে মারধরে বাধা দেওয়ায় ওই রিকশার যাত্রীকে ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে।
ঘটনাস্থল থেকে এরশাদ নামের এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। নিহত জহুরুল প্রধান (৪৫) উপজেলার পৌরসভার চক গোবিন্দপুর চরপাড়া গ্রামের মৃত খালেক প্রধানের ছেলে। পেশায় তিনি গ্রিল মিস্ত্রি ছিলেন।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার। এর আগে বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জহুরুল প্রধান একটি অটোরিকশায় করে গোবিন্দগঞ্জের কাটামোড়ে যাচ্ছিলেন। রিকশাটি উপজেলার কাটামোড়ে পৌঁছানোর মুহূর্তে হর্ণ দেন। হর্ণ দেওয়ার জের ধরেস্থানীয় এরশাদ আলী নামের এক ব্যক্তিসহ আরও দুই থেকে তিনজন অটোরিকশার চালককে মারধর শুরু করেন। এসময় যাত্রীর আসনে থাকা জহুরুল চালককে মারধরে বাধা দিলে এরশাদ আলী জহুরুল প্রধানের বুকে সজোরে ঘুষি মারেন। তাৎক্ষণিকভাবে তিনি গুরতর অসুস্থ হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন। পরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত এরশাদ আলীকে আটক করে থানায় নেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, ‘ঘটনার পর পরই জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।’


