চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহর ওপর হামলার ঘটনার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামির নাম আরিফুল ইসলাম আরিফ।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, সন্ধ্যা ৬টার দিকে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রামে নিয়ে আসা হয়।
হামলার ঘটনায় দুজন সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এর আগে, গ্রেপ্তার হওয়া অপর আসামি হামলার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।
পুলিশ জানিয়েছে, একই ঘটনায় গত ৩১ মার্চ হাটহাজারী থানা পুলিশ অভিযান চালিয়ে জালাল উদ্দিন মুন্না নামে একজনকে গ্রেপ্তার করে। হাটহাজারী মাদরাসা এলাকার পাশ থেকে তাকে আটক করা হয়।
তবে গ্রেপ্তারের মাত্র ২৪ ঘণ্টার মাথায়, ২ এপ্রিল আদালত থেকে জামিনে মুক্তি পান মুন্না। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
গত ৩০ মার্চ রাতে চট্টগ্রামের হাটহাজারী এলাকায় একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল আনতে গেলে চাকসু নেতা মাসুম বিল্লাহর ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তিনি গুরুতর আহত হন এবং পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ক্যাম্পাসজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।


