সাইবার হামলার হুমকি থেকে ডিজিটাল অবকাঠামো, লজিস্টিকস ও অনলাইন কার্যক্রম রক্ষা করতে একটি আধুনিক সাইবার নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।
রোববার বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্ল্যাটফর্মের উদ্বোধন করেন চবক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে চবক বোর্ডের সদস্য, প্রকল্প পরিচালক, বিভিন্ন বিভাগের প্রধান ও কারিগরি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বব্যাপী নৌ-বাণিজ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম, সংক্রিয় লজিস্টিকস ও ইন্টারনেট-ভিত্তিক সেবার সম্প্রসারণ যেমন দক্ষতা বাড়িয়েছে, তেমনি সাইবার ঝুঁকিও তৈরি করেছে। এই ঝুঁকি মোকাবিলা এবং বন্দরের গুরুত্বপূর্ণ ডিজিটাল তথ্য সুরক্ষিত রাখতে এই প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে।
এই উদ্যোগের অংশ হিসেবে, সাইবার নিরাপত্তা অবকাঠামো তৈরির লক্ষ্যে গত ১১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ‘ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, নারায়ণগঞ্জ’-এর সঙ্গে চুক্তি সই করেছিল চবক।
নতুন এই সিস্টেমে সাইবার হুমকির আগাম সংকেত শনাক্তকরণ, তথ্যের কঠোর প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, ভাইরাস ও ম্যালওয়্যার প্রতিরোধ, ২৪ ঘণ্টা নজরদারিসহ উন্নত ফিচার অন্তর্ভুক্ত রয়েছে।
বন্দর কর্মকর্তারা জানান, এই সিস্টেমটি আন্তর্জাতিক শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি কোড পালনে সহায়তা করার পাশাপাশি টার্মিনালের কার্যক্রম নিশ্চিত করবে। একই সঙ্গে এটি বন্দর ব্যবহারকারী ও আন্তর্জাতিক শিপিং অংশীদারদের জন্য একটি নিরাপদ ও স্বচ্ছ ডিজিটাল পরিবেশ তৈরি করবে।


