পর্বত, প্রকৃতি ও পাহাড়ি জনগোষ্ঠীর জীবন-সংস্কৃতিকে তুলে ধরতে চট্টগ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।
শুক্রবার প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির প্রেসিডেন্ট শোয়েব ফারুকী।
পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ এর যুগপূর্তি উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, ‘পর্বতারোহণ একটি খেলা ও একটি শিল্প। এই খেলাতে চট্টগ্রামের তরুণদের আরও এগিয়ে দিতে আমার সার্বিক সহযোগিতা থাকবে। আমি প্রত্যাশা করি, চট্টগ্রামে শীঘ্রই একটি ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে। একটি প্রকৃতিবান্ধব রাষ্ট্র গড়তে তরুণদের প্রকৃতির সাথে সম্পৃক্ত থাকাটা জরুরি।’
শোয়েব ফারুকী বলেন, ‘ভার্টিক্যাল ড্রিমার্সের তরুণেরা পর্বতারোহণের পাশাপাশি দারুণ সব আলোকচিত্র তুলে তাদের স্বাক্ষর রেখেছে। অতি উচ্চতার প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিবেশে ক্যামেরা বের করা কোনো সহজ কাজ নয়। সেই কঠিন জায়গায় দক্ষতা দেখিয়ে অসাধারণ সব আলোকচিত্র তুলে আনায় আলোকচিত্রীদের আন্তরিক ধন্যবাদ জানাই।’
ক্লাব সভাপতি ফরহান জামান বলেন, ‘পর্বতারোহণ খেলাটা হয় দুনিয়ার দূরতম প্রান্তে। সরাসরি সম্প্রচার বা অনলাইন স্ট্রিমিংয়ের এই যুগে সরাসরি দর্শকের সঙ্গে সম্পৃক্ততা না থাকায় এটির কাঠিন্য ও দূরূহত বুঝা মুশকিল। ছবির মাধ্যমে হলেও দর্শকরা দুর্গম পর্বতের কিছুটা ছোঁয়া পাবেন।’
‘পিকস, পিপল, পার্সপেক্টিভ’ শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত। প্রদর্শনীতে বান্দরবানের সবুজ পাহাড়, হিমালয়ের শুভ্র পর্বতশ্রেণি এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষের জীবনযাত্রার নানা দিক নিয়ে শতাধিক আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।
এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে নস টেলোস, ক্রাফট ফ্যাশন লিমিটেড ও ট্রাভেল প্রো। সার্বিক সহযোগিতায় রয়েছে বিষুব আর্ট অর্গানাইজেশন, গিরি ও ক্যানভাস অব কালার।


