চট্টগ্রামের সাগরিকা এলাকায় একটি কোল্ড স্টোরেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
রোববার দুপুরে হিমাগারটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, খবর পাওয়ার পরপরই নিকটস্থ স্টেশনগুলো থেকে ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয় এবং মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
দীর্ঘ প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টার পর দুপুর ১টা ২২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোল্ড স্টোরেজের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস।


