তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বৈশ্বিক ও ডিজিটাল বাস্তবতায় গণমাধ্যম বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সব অংশীজনকে যৌথভাবে কাজ করতে হবে।
শুক্রবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ সাংবাদিক সম্মেলন ২০২৬’-এ শুভেচ্ছা বক্তব্যে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ের সাংবাদিকদের অংশগ্রহণে এমন একটি আয়োজন সরকারের জন্যও অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।’
মন্ত্রী বলেন, সম্মেলনের প্রতিপাদ্য ‘রেসপন্ডিং টু এ চ্যালেঞ্জিং নিউজ ল্যান্ডস্কেপ’ সময়োপযোগী ও বাস্তবসম্মত। আগে গণমাধ্যমের প্রধান চ্যালেঞ্জ হিসেবে শুধু সরকারি চাপের বিষয়টি আলোচিত হলেও এখন প্রযুক্তিগত পরিবর্তন, ডিজিটাল তথ্যপ্রবাহ ও নতুন যোগাযোগব্যবস্থার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
তিনি বলেন, ‘যারা প্রকৃত অর্থে স্বাধীন ও জনমুখী গণমাধ্যম গড়ে তুলতে চান, তাদের এসব চ্যালেঞ্জ সম্পর্কে গভীরভাবে জানতে হবে। একই সঙ্গে এ বিষয়ে সমষ্টিগত ও যৌথ বোঝাপড়া তৈরি করা জরুরি।’
তিনি আরও বলেন, ‘অনুসন্ধানী সাংবাদিকতা, রাজনৈতিক শাসনব্যবস্থা, ডিজিটাল তথ্য পরিবেশ ও মিডিয়া পার্টনারশিপের মতো বিষয়গুলো সম্মেলনের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করায় আয়োজকদের ধন্যবাদ জানাই। সরকারও এসব বিষয় নতুনভাবে বোঝার ও মূল্যায়নের চেষ্টা করছে।’
তিনি বলেন, ‘গণমাধ্যমের ক্ষমতায়নের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত জনগণকে সম্পৃক্ত করা। কেবল কোনো অংশীজন কতটা স্বাধীন বা শক্তিশালী—সেই বিবেচনায় পুরো গণমাধ্যম ব্যবস্থাকে মূল্যায়ন করলে বাস্তব চিত্র বোঝা যাবে না।’
গণমাধ্যম কমিশন গঠনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘একটি স্বাধীন ও কার্যকর গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা করা গেলে এ খাতে সুশাসন ও সঠিক নেতৃত্ব নিশ্চিত করা সম্ভব হবে। এ বিষয়ে সরকার কাজ করছে এবং সাংবাদিক সমাজের সহযোগিতা প্রত্যাশা করছে।’
দুই দিনব্যাপী এই সম্মেলনের অভিজ্ঞতা ও জ্ঞান ভবিষ্যতে সরকারের নীতিনির্ধারণী কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


