ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলায় আনতে রাজধানীর বাস টার্মিনাল ও ডিপো স্থান যাচাই করেছে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
বুধবার তারা পূর্বাচল, দিয়াবাড়ি, গাবতলী বাস টার্মিনাল, চুনকুটিয়া, তেঘরিয়া আন্ডারপাস, হাসনাবাদ, কাঁচপুর ও ফুলবাড়িয়া এলাকা পরিদর্শন করে।
শিমুল বিশ্বাস এসব স্থানের বর্তমান অবকাঠামো, যানবাহন চলাচলের সক্ষমতা, সংযোগ সড়ক, ভূমির প্রাপ্যতা এবং ভবিষ্যৎ বাস টার্মিনাল অথবা ডিপো স্থাপনের বিষয়ে সার্বিক পর্যালোচনা করেন।
পাশাপাশি ঢাকা মহানগরীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং গণপরিবহন ব্যবস্থাকে অধিক কার্যকর ও সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব আনিসুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে এম আজাদ রহমান, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।
আরও ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. হানিফ এবং বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ফারুক তালুকদার সোহেল।


