বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। তিনি (খালেদা) যেন সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারেন সেজন্য সবার দোয়া চেয়েছেন দলের সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি বলেছেন, ‘কাতারের আমিরের মহানুভবতায় আমরা একটা অত্যন্ত উন্নতমানের এয়ার অ্যাম্বুলেন্স পেয়েছি। বৃহস্পতিবার রাতের মধ্যেই এখানে এসে পৌঁছাবে এবং সম্ভবত খুব ভোরেই খালেদা জিয়াকে নিয়ে তারা যুক্তরাজ্যে চলে যাবে।’
বিএনপি দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী এবং এই মুহূর্তে তিনি দেশের দলমত নির্বিশেষে সমগ্র মানুষের কাছে একজন অভিভাবক হিসেবে পরিচিত। তার অসুস্থতার জন্য সারা দেশের প্রতিটি মানুষ দোয়া করছেন।’
মির্জা ফখরুল বলেন, ‘উন্নত চিকিৎসার জন্যে দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে দেশনেত্রীকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও স্বীকৃতি জানিয়েছেন।’
তিনি বলেন, আনুষঙ্গিক যে সমস্ত কাজ দরকার সেগুলো আমরা সেরে ফেলেছি। ম্যাডামের সঙ্গে একটি চিকিৎসক দল যাচ্ছেন।
কাতারের আমীরের এয়ার অ্যাম্বুলেন্সটি অত্যন্ত আধুনিক একটা এয়ার অ্যাম্বুলেন্স। এর মধ্যে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সব ব্যবস্থাই রয়েছে বলেও জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘আমরা পরম করুণাময় আল্লাহ তার কাছে এই দোয়া চাচ্ছি যেন আল্লাহ তাকে সুস্থ ও নিরাপদে নিয়ে যান এবং আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে আনেন।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।


