খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আগুন লাগার ঘটনায় অন্তত ৩৫টিরও বেশি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে চার থেকে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার উপজেলার বোয়ালখালী নতুন বাজারে রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে বাজারের একটি গলিতে আগুন লাগলেও দ্রুত তা দ্বিতীয় ও তৃতীয় গলিতে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই তা ভয়াবহ রূপ নেয়। এতে স্বর্ণের দোকানসহ অন্তত ৩৫টির বেশি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ফলে পুরো বাজারই ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশন ও খাগড়াছড়ি থেকে আসা আরও একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘রাত ৩টার দিকে আগুন লাগে। এতে ৩৫টির বেশি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে চার থেকে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি।’

দীঘিনালা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, রাতে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানান তিনি।


