জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে লিবিয়া।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতলিব এস এম সুলিমান সৌজন্য সাক্ষাৎকালে এ সমর্থনের কথা জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জানান, ২০২৬–২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমানের প্রার্থিতার প্রতি লিবিয়া পূর্ণ সমর্থন দিচ্ছে।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ সমর্থনের জন্য লিবিয়া সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি লিবিয়ার এ সমর্থন দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও লিবিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে একযোগে কাজ করার বিষয়েও আলোচনা হয়।


