কোনো দলের সঙ্গে গণঅধিকার পরিষদের জোটের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি জানান, জাতীয় নির্বাচনে দেশের ৩০০ আসনেই প্রার্থী দেবে দলটি।
রোববার বিকালে গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, ‘দেশ ও রাষ্ট্রের স্বার্থ বিবেচনায় রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে তফসিল ঘোষণার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা চাঁদাবাজ, দখলবাজ, ভূমিদস্যু ও সংঘাতমুক্ত একটি নতুন দেশ চাই। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে তরুণ প্রজন্ম দীর্ঘদিন আন্দোলন করেছে, আগামীতে তাদের সুযোগ দিতে হবে। নতুন দেশ গড়তে গণঅভ্যুত্থানের ছাত্র-জনতাকেই সিদ্ধান্ত নিতে হবে।’
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী ডিসেম্বরে নির্বাচন তফসিল ঘোষণা হতে পারে। তাই তফসিলের আগে গণভোট আয়োজনের বাস্তবতা নেই। আমরা চাই নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট হোক। তবে অবশ্যই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে গণভিত্তি ও আইনি ভিত্তি দিতে হবে।’
উত্তরাঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার প্রসঙ্গ টেনে নুর বলেন, ‘সুযোগ পেলে গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় এবং উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি বালাসিঘাটে টানেল নির্মাণসহ যোগাযোগ, কৃষি ও অর্থনৈতিক খাতের উন্নয়ন ঘটানো হবে। রংপুর সুগার মিল, পাটকলসহ বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে এবং শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা হবে।’
তিনি আরও জানান, ‘নির্বাচনকে সামনে রেখে সারা দেশে পরিপূর্ণ ইমেজের নেতৃবৃন্দদের খুঁজে বের করে জনপ্রতিনিধি হিসেবে মনোনীত করা হচ্ছে। এরই অংশ হিসেবে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ব্যবসায়ী সুরুজ্জামান সরকারকে ট্রাক প্রতীকে মনোনীত করা হয়েছে। আমি আশাবাদী, আপনারা তাকে ভোট দিয়ে বিজয় করবেন।’
সভায় দলটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সুরুজ্জামান সরকার, কেন্দ্রীয় নেতা হানিফ সজিব, ফারুক হাসান ও আব্দুর রহমান প্রমুখ।


